জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক সংলগ্ন টিএসসি এলাকাকে আধুনিক ও নান্দনিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শৃঙ্খলার স্বার্থে বর্তমানে গড়ে ওঠা অপরিকল্পিত দোকানগুলো সরিয়ে সেখানে পরিকল্পিতভাবে নতুন বিপণিবিতান নির্মাণ করা হবে। এই দোকানগুলো থেকে প্রাপ্ত মাসিক ভাড়ার টাকা অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন জানান, টিএসসি এলাকার ঘিঞ্জি পরিবেশ দূর করে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বর্তমান ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে সিটি করপোরেশনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হবে।
প্রক্টর আরও জানান, প্রশাসন বর্তমান ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের তালিকা হালনাগাদ করে নতুন দোকানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। সীমানা ও জায়গা নিয়ে ব্যাংকের সঙ্গে বিদ্যমান জটিলতা নিরসনেও আলোচনা চলছে। এই আধুনিকায়নের ফলে একদিকে যেমন ক্যাম্পাসের পরিবেশ উন্নত হবে, অন্যদিকে উপার্জিত অর্থ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 
























