চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘বৈশাখী উদ্যোক্তা মেলা-১৪৩৩’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত এই মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পাটপণ্যের পাশাপাশি চীন থেকে আমদানিকৃত আধুনিক নানা সামগ্রীর সমাহার লক্ষ্য করা গেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হওয়া এই মেলায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলার বিভিন্ন স্টলে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, ফ্লোর ম্যাট, শীতলপাটির জুতা এবং সুপারির খোলের তৈরি তৈজসপত্র দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। উদ্যোক্তারা জানান, উৎসবের সময়ে এসব দেশীয় পণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। অন্যদিকে, নারী শিক্ষার্থীদের ভিড় ছিল মূলত বিদেশি কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের স্টলগুলোতে। চীন থেকে আনা গয়না, ফেস মাস্ক ও কৃত্রিম নখের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন দর্শনার্থীরা। মেলায় বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে দেখা গেছে।
মেলায় মোট ৭৫টি স্টল অংশ নিয়েছে, যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং দেশীয় পণ্যের প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলার শেষ দিনে পণ্যের মান ও সৃজনশীলতার ভিত্তিতে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























