বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজের নির্মাণ কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর নির্মিত এই ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। রডের বদলে বাঁশ ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, ৪৫ ফুট দীর্ঘ এই ব্রিজটি নির্মাণে সরকারি নিয়ম অনুযায়ী রড ব্যবহারের কথা থাকলেও তা মানা হয়নি। এমনকি ঢালাইয়ের পুরুত্ব ৫ ইঞ্চির জায়গায় মাত্র সাড়ে ৩ ইঞ্চি দেওয়া হয়েছে। গ্রামবাসী যখন এই অনিয়মের প্রতিবাদ করেন, তখন তড়িঘড়ি করে বাঁশের ফাঁকে মাত্র কয়েক পিস রড গুঁজে দেওয়া হয়। এছাড়া ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ এতটাই কম ছিল যে, স্থানীয়রা নিজেদের পকেটের টাকা দিয়ে বাড়তি সিমেন্ট কিনে আনতে বাধ্য হন। শুধু তাই নয়, ব্রিজ করে দেওয়ার নাম করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।
অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা অবশ্য টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ব্রিজের মূল অংশে নয় বরং বাইরের কিছু অংশে স্থানীয়রাই বাঁশ ব্যবহার করেছেন। তবে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজটির জন্য দফায় দফায় সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এই অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























