চট্টগ্রামের মিরসরাইয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা লুটের ঘটনার মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সেনাসদস্য নাহিদ হোসেন বাবু ও তার সহযোগী সাহেদ আহমেদ রিয়াজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি মুরগি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা নাহিদ হোসেনের খামার থেকে মুরগি কিনতে আসেন। এ সময় অভিযুক্তরা সুকৌশলে তাদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই মিরসরাই থানার ওসির নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাহিদ ডাকাতির কথা স্বীকার করেন এবং তার সহযোগী রিয়াজের কাছে টাকা ও অস্ত্র থাকার তথ্য দেন। পরে রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি রামদা, লুট হওয়া ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, মুখোশ এবং ক্যাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























