দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির লক্ষ্যে সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল এআই হ্যাকাথন ২০২৬’। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্স (ডব্লিউএএ) ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো এই হ্যাকাথন আয়োজিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বাস্তব জীবনের নানা সমস্যার উদ্ভাবনী সমাধান বের করতে উৎসাহিত করা। এটি একটি ৪৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন হ্যাকাথন, যেখানে বাছাইকৃত দলগুলো তাদের প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করবে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করে কনসেপ্ট নোট জমা দিতে হবে, যা বিশেষজ্ঞ বিচারক প্যানেল দ্বারা মূল্যায়িত হবে।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য দুই লাখ টাকার পুরস্কারের পাশাপাশি বড় ধরনের সুযোগ থাকছে। বিজয়ী দলগুলো তাদের প্রজেক্টকে স্টার্টআপ হিসেবে গড়ে তোলার জন্য ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের পক্ষ থেকে ফান্ডিং, মেন্টরশিপ এবং ইনকিউবেশন সুবিধা পাবে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























