সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নারী আইডি ব্যবহার করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামী এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ভুক্তভোগীদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত রাব্বি অত্যন্ত চতুরতার সঙ্গে নারী কণ্ঠে কথা বলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করত। পরে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত এবং সেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করত। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তীতে নিয়মিত টাকা ও অনৈতিক সুবিধা দাবি করত সে। তদন্তে অন্তত তিনটি পৃথক ঘটনার প্রমাণ মিলেছে যেখানে সে ছাত্রীদের জিম্মি করে অর্থ ও অলঙ্কার লুটে নিয়েছে।
গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান-প্রদান বা দেখা করার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।
রিপোর্টারের নাম 
























