ইউরোপের দেশ স্পেনে বসবাসরত বাংলাদেশিসহ প্রায় ৫ লাখ অনিয়মিত বা নথিপত্রহীন অভিবাসীর জন্য বৈধ হওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার সম্প্রতি এই বিশেষ অভিবাসন কর্মসূচি অনুমোদন করেছে। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার থেকে এই কর্মসূচির আওতায় আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
স্পেন সরকারের দেওয়া তথ্যমতে, যারা দীর্ঘদিন ধরে দেশটিতে নথিপত্রহীন অবস্থায় বসবাস করছেন, তারা এখন থেকে বৈধভাবে বসবাস ও কাজ করার আইনি অনুমতি পাবেন। মূলত দেশটির নাগরিক সমাজ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে অনলাইনে এবং ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন গ্রহণ করা হবে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
নতুন এই কর্মসূচির আওতায় যারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাসের অনুমতি পাবেন। আবেদনের অন্যতম শর্ত হলো—আবেদনকারীকে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং অন্তত পাঁচ মাস সেখানে বসবাসের প্রমাণ থাকতে হবে। এছাড়া আবেদনকারীর নামে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে স্পেনের শ্রমবাজারে কর্মশক্তির ঘাটতি কমবে এবং অনিয়মিত অভিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। বর্তমানে স্পেনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অনিয়মিতভাবে বসবাস করছেন, যাদের জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।
রিপোর্টারের নাম 

























