কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ওমান সাগরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে দেশটি নতুন কৌশল অবলম্বন করছে।
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত দেশগুলোর কোনো তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর নির্দিষ্ট পরিমাণ ট্রানজিট চার্জ ও শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইরান সরকার। দেশটির সামরিক বাহিনী এরই মধ্যে এই নতুন প্রক্রিয়াগুলো কার্যকর করার লক্ষ্যে মহড়া ও অনুশীলন শুরু করেছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এই গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট দিয়ে যাতায়াত করতে হলে অবশ্যই ইরানি পক্ষের সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে অবরোধ আরোপের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালিকে একটি শক্তিশালী দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশটির সামরিক নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, তাদের নীতি হলো—সবার জন্য নিরাপত্তা অথবা কারো জন্য নিরাপত্তা নয়।
রিপোর্টারের নাম 






















