ইরান থেকে তেল আমদানির বিষয়ে চীনকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, চীন কোনোভাবেই ইরান থেকে তেল সংগ্রহ করতে পারবে না। এমনকি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ইরানি তেলবাহী চীনা ট্যাংকারগুলো প্রয়োজনে আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কট বেসেন্ট বলেন, চীন ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হলেও তারা বৈশ্বিক অংশীদার হিসেবে দায়িত্বশীল আচরণ করছে না। মার্কিন প্রশাসনের অভিযোগ, চীন একদিকে তেলের মজুত অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে, অন্যদিকে নিজস্ব কিছু পণ্যের রপ্তানি সীমিত করে বাজার অস্থিতিশীল করছে। মার্কিন অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, চীন চাইলে অন্য কোনো উৎস থেকে তেল সংগ্রহ করতে পারে, কিন্তু ইরানের তেল ব্যবহারের সুযোগ তাদের দেওয়া হবে না।
এই উত্তেজনার মধ্যেই আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান তেল বিতর্ক ওই সফরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বেসেন্ট। তিনি কেবল উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে উচ্চপর্যায়ের যোগাযোগ ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 




















