পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে ‘অবৈধ’ এবং ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, এই অঞ্চলের জলপথ ও বন্দরগুলো হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, অন্যথায় কারো জন্যই নিরাপদ থাকবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের আইনগত অধিকার ও আঞ্চলিক পানিসীমায় সার্বভৌমত্ব রক্ষা করাকে নিজেদের পবিত্র দায়িত্ব বলে মনে করে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত নিয়ম মেনে এই পানিপথ ব্যবহার করতে পারবে।
ইরানের সামরিক বাহিনী আরও উল্লেখ করেছে, বহিঃশত্রুর অব্যাহত হুমকির মুখে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণে একটি স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। আন্তর্জাতিক পানিসীমায় জাহাজ চলাচলে মার্কিন বিধিনিষেধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তারা জানায়, ইরানের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে এর প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়বে এবং অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না।
রিপোর্টারের নাম 






















