চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি অবৈধ স্বর্ণের বারসহ আলঙ্গীর খান (৫৫) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এই অভিযান চালানো হয়। আটক আলঙ্গীর খান দর্শনা পৌরসভার মোবারকপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে।
আটকের পর তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সেখান থেকে ১০টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হবে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























