ভোলার দৌলতখানে বিষধর সাপের কামড়ের ৯ দিন পর দুই সন্তানের জনক বাবলু (৩০) নামে এক জেলের করুণ মৃত্যু হয়েছে। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় তাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনার দুই দিন পর রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বাবলু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মেঘনা নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।
ভোলা সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার আশায় তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাবলুর স্ত্রী সুরমা বেগম জানান, চিকিৎসকরা জানিয়েছিলেন যে সাপের বিষে তার পা ও কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তাকে সুস্থ করতে দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন ছিল। এছাড়াও শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়ে গিয়েছিল।
কিন্তু পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া সম্ভব না হওয়ায়, নিরুপায় হয়ে বাবলুকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে আনার দুই দিনের মাথায় তার জীবন প্রদীপ নিভে যায়, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।
রিপোর্টারের নাম 





















