জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বর্তমানে ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষর এবং লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নেই। তিনি দাবি করেন, এখানে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্পষ্ট।
তিনি আরও লেখেন, শেখ হাসিনার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না। এখন পর্যন্ত তার সাথে সাক্ষাতের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। এসব বিবেচনায় তিনি ভারতে কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শেখ হাসিনা যদি মুক্ত থাকতেন, তবে তিনি নিজেই এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত তাকে সেই সুযোগ দিতে পারে না। তাই বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই কেবল তার বাংলাদেশে ফেরার পথ খোলা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে অপর এক পোস্টে রাশেদ খাঁন জানান, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তারা চিঠিতে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সব নথিতে বাংলায় স্বাক্ষর করতেন, কিন্তু জালিয়াতি করা চিঠিতে ইংরেজি স্বাক্ষরের ব্যবহার ধরা পড়েছে।


























