ঢাকা কলেজের উত্তর হল ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছয়জনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—আপেল মাহমুদ, সাদ মিরাজ খান, আরাফাত মুরসালিন পিয়াস, মো. মিনার, রায়হান আহমেদ নাহি ও শিখন হোসেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে কেউ কেউ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কেউ ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন। শিখন নামে একজনের বিরুদ্ধে অতীতে হল থেকে বহিষ্কারের রেকর্ড রয়েছে বলে জানা গেছে।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, শিক্ষার্থীদের মাধ্যমে আটককৃতদের নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশি তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করা হবে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।




















