জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ সংরক্ষণ বিধিমালায় ‘লাল’ শ্রেণি থেকে ‘কমলা’ শ্রেণিতে নামিয়ে আনার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনের নেতারা সতর্ক করে বলেছেন, এই পরিবর্তনের ফলে পরিবেশগত ছাড়পত্রের শর্ত শিথিল হতে পারে, যা উপকূলীয় জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে পরিবেশবিদ ও প্রকৌশলীরা এই উদ্বেগ তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন। তিনি উপকূলীয় বনাঞ্চল রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রকৌশলী দেলোয়ার মজুমদার জাহাজ ভাঙা ইয়ার্ডের শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও বিষাক্ত বর্জ্যের ভয়াবহতার দিকটি তুলে ধরেন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. মনজুরুল কিবরীয়া এবং অধ্যাপক ড. মো. শফীকুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞরা জানান, এই শ্রেণি পরিবর্তনের ফলে মাটি ও পানি দূষণ আরও প্রকট হবে। বাপা সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান সমন্বিত ১০ দফা সুপারিশ পেশ করেন, যার মধ্যে জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিটি অন্যতম।




















