পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এই দাবি জানান।
শনিবার (২১ নভেম্বর) হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।’
নেতারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ আর কোনো বৈধ রাজনৈতিক দল নয়। দলটির পলাতক নেতাকর্মীরা ভারতের মদদে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। যারা এই ফ্যাসিবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাদের বিরুদ্ধেও গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
বিবৃতিতে বলা হয়, পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার এখনো বাকি। যারা টকশো বা বিভিন্ন প্ল্যাটফর্মে পতিত আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন ১৫ বছরের গুম-খুন ও গণহত্যার পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না।
হেফাজতে ইসলাম ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার জোরালো দাবি জানায়। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়েও আন্তর্জাতিক মহলের সমালোচনা তুলে ধরা হয় বিবৃতিতে।




















