তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা এবং মানুষ হত্যার মতো জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব নাশকতা প্রতিহত করতে গ্রাম পুলিশদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশদের সাথে আয়োজিত এক দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সরকারি দায়িত্ব পালন করছেন। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন এবং তাদের আইনের আওতায় আনতে সহায়তা করুন।
গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। এছাড়া যাতায়াত ও পেনশন ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। সভায় বেতন-ভাতা সময়মতো পাওয়ার বিষয়ে দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী তা জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদে উত্থাপনের আশ্বাস দেন।




















