আগামী ডিসেম্বরে সরকারি সফরে ঢাকা আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ডিসেম্বর দুইদিনের সফরে আনোয়ার ইব্রাহিম এবং ১৩ ডিসেম্বর তিনদিনের সফরে মোহামেদ মুইজ্জু ঢাকা পৌঁছাবেন।
ঢাকা, কুয়ালালামপুর ও মালের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর সফরে গিয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মোহামেদ মুইজ্জু ঢাকা সফর করেছিলেন।
সফরকালে জ্বালানি খাতে সহযোগিতা, রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, পর্যটন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম একবার ঢাকা সফর করেছিলেন। এছাড়া ২০২৭ সালের শুরুতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিসানায়েকেরও ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে, যার আমন্ত্রণপত্র গত সপ্তাহে পৌঁছে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।




















