বিমান পরিবহন খাতের আধুনিকায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।
কানাডার মন্ট্রিলে আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পরিবেশগত স্থায়িত্ব এবং নতুন প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে আইকাও মহাসচিব জানান, আগামী ২৫ বছরে বৈশ্বিক বিমান পরিবহন খাতের চাহিদা মেটাতে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন। তিনি বিমানবন্দর অবকাঠামো ও সেবা উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আইকাওয়ের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের বিমান পরিবহন খাতকে একটি নিরাপদ, আধুনিক ও টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
মন্ত্রী আরও বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা তদারকি এবং পরিদর্শকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আইকাওয়ের সহায়তা প্রয়োজন। উভয় পক্ষই বাংলাদেশের বিমান খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।
বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















