বলিউডের রূপালি পর্দায় ঝলমলে পোশাক, চোখধাঁধানো নাচ আর অসাধারণ অভিব্যক্তিতে দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করেছেন হেলেন। ‘মেরা নাম চিন চিন চু’, ‘পিয়া তু আব তো আজা’ কিংবা ‘ইয়ে মেরা দিল’-এর মতো কালজয়ী গানে তাঁর উপস্থিতি ছিল অনবদ্য। তবে বলিউডের এই ক্যাবারে কুইনের পর্দার বাইরের জীবনটি ছিল যুদ্ধ, উদ্বাস্তু জীবন, অর্থকষ্ট ও পারিবারিক টানাপোড়েনের এক দীর্ঘ লড়াইয়ের আখ্যান।
আজ ২১ নভেম্বর হেলেনের জন্মদিন। ১৯৩৮ সালের এই দিনে ব্রিটিশ বার্মার রেঙ্গুনে জন্মগ্রহণ করেন তিনি। ৮৮ বছরে পদার্পণ করা এই কিংবদন্তি অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফসহ শোবিজ অঙ্গনের অনেকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর আক্রমণে বাবাকে হারান হেলেন। মাত্র তিন বছর বয়সে মা ও ছোট ভাইকে নিয়ে বার্মা ছেড়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেন তিনি। দীর্ঘ নয় মাস পায়ে হেঁটে আসামে পৌঁছানোর সেই যাত্রাপথে অনাহার ও স্বজন হারানোর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।
পরিবারের আর্থিক সংকট দূর করতে অল্প বয়সেই চলচ্চিত্রের জগতে পা রাখেন হেলেন। শুরুতে কোরাস ড্যান্সার হিসেবে কাজ শুরু করলেও ১৯৫৮ সালে ‘হাওড়া ব্রিজ’ সিনেমার ‘মেরা নাম চিন চিন চু’ গানটি তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।
ব্যক্তিগত জীবনে ১৯৫৭ সালে পরিচালক প্রেম নারায়ণ অরোরাকে বিয়ে করেন হেলেন, তবে ১৯৭৪ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেলিম খান আগে থেকেই বিবাহিত হওয়ায় প্রথম স্ত্রী সালমা খান ও সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণটি দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে ছিল। তবে সময়ের পরিক্রমায় খান পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি।
‘কারাভান’, ‘ডন’, ‘শোলে’ ও ‘গুমনাম’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখা হেলেন ২০০৯ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হন। নাচের মঞ্চ থেকে দূরে সরে গেলেও প্রতিকূলতাকে জয় করে নিজের পরিচয় গড়ে তোলার গল্পে হেলেন আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।

























