আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফারজানা সিঁথি জানান, তিনি নড়াইল-২ আসন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরব। আমি অত্যন্ত আশাবাদী যে দল আমাকে চূড়ান্তভাবে মনোনীত করবে।’
এর আগে গত শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন ফারজানা সিঁথি।
যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রিপোর্টারের নাম 

























