চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রপথে আসা মাদকের একটি বড় চালান জব্দ করেছে র্যাব-৭। শুক্রবার রাতে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন রোহিঙ্গা এবং ৪ জন স্থানীয় বাসিন্দা। রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং স্থানীয়রা কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী এলাকার। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কক্সবাজার সীমান্ত থেকে একটি মাছ ধরার ট্রলারে করে মাদকের বড় চালান চট্টগ্রামের দিকে আসছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে পালানোর সময় ধাওয়া করে তাদের আটক করা হয় এবং ট্রলারের ইঞ্জিন রুম থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সমুদ্রপথ ব্যবহার করে কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























