কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মাদক সেবনে বাধা প্রদান করায় জহির উদ্দিন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় মাদক কারবারিরা। গত শুক্রবার জুমার নামাজের পর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাপুর এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত জহির উদ্দিন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত সীমান্তঘেঁষা এই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিরা সক্রিয়। সম্প্রতি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করায় ক্ষুব্ধ হয়ে ওঠে মাদক ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে জহিরের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সুইচ গিয়ার ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পেটে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গিয়ে রুবেল নামে স্থানীয় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























