মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ ও জরাজীর্ণ ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রি করার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত মাংস এবং একটি রুগ্ণ জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সুপার মেনহাজুল ইসলাম জানান, গত ৮ এপ্রিল গজারিয়ার আনারপুরা এলাকায় ঘোড়া জবাইয়ের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে গেলেও পরবর্তীতে গাজীপুরের টঙ্গী ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতারক চক্রের মূল হোতা রাজিব শিকদারকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে স্বল্প মূল্যে রুগ্ণ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করত। এরপর সেগুলো জবাই করে ঢাকার বিভিন্ন স্থানে সহযোগীদের মাধ্যমে গরুর মাংস হিসেবে সরবরাহ করত। এই জনস্বাস্থ্যবিরোধী অপরাধের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























