জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে বড় অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার তিনানীপাড়া এলাকায় মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত মো. জামরুল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জামরুল মিয়া দীর্ঘদিন ধরে তার দোকানে পেট্রোল ও ডিজেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে আসছিলেন এবং সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এর আগেও একই অপরাধে তাকে জরিমানা করে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করেন। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনার নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার আসমা-উল হুসনা জানান, জনভোগান্তি কমাতে এবং তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চালানো হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অসাধু মজুতদার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























