বরিশালের উজিরপুরে মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও সন্তানরা। শুক্রবার উপজেলার ডাকবাংলো এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সারমিন আক্তার নিপা দাবি করেন, তার স্বামীর মৃত্যুর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে যার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
সংবাদ সম্মেলনে নিপা জানান, গত ৬ এপ্রিল ঢাকার উত্তরখান এলাকায় নিজ বাসায় তার স্বামীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ছোট ছেলেকে নিয়ে বাসায় ফিরে তিনি দেখেন দরজা খোলা এবং তার স্বামী নিথর অবস্থায় পড়ে আছেন। প্রতিবেশীরা তাকে মৃত ঘোষণা করলেও হাসপাতালে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো দ্রুত দাফন-কাফনের ব্যবস্থা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, লাশ গ্রামের বাড়িতে নেওয়ার পর তার শাশুড়ি ও ননদ তাদের ওপর হামলা চালায় এবং তাকে দোষারোপ করতে থাকে। নিপা জানান, তার স্বামী দীর্ঘকাল মাদকাসক্ত ছিলেন এবং মাদকসেবী বন্ধুদের সঙ্গে তার বিরোধ ছিল। এই পরিস্থিতিতে স্বামীর মৃত্যুর প্রকৃত সত্য বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই মাদ্রাসা শিক্ষিকা।
রিপোর্টারের নাম 

























