জুলাই গণভোটের জনরায় কার্যকর এবং সংবিধান সংস্কারের পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা জুলাই সনদের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, জুলাই গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। তিনি অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলগুলো জনগণের এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সংবিধান সংস্কারের প্রশ্নে অনীহা দেখাচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে মুফতি আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। বক্তারা দাবি করেন, কোনো প্রমাণ ছাড়াই ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ১০০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























