নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম বাজারের অদূরে অযত্ন আর অবহেলায় ধ্বংসের প্রহর গুনছে মোগল আমলের ঐতিহাসিক পানাম সেতু। এক সময়ের ব্যস্ততম এই বাণিজ্য পথটি এখন লতাপাতা আর পরজীবী উদ্ভিদে ঢাকা পড়ে আছে। সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তারা, অথচ এই সেতুটি ছিল মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
সপ্তদশ শতকে নির্মিত এই সেতুটি পঙ্খিরাজ খালের ওপর অবস্থিত, যা একসময় মেঘনা নদীর সঙ্গে পানাম নগরের সংযোগ রক্ষা করত। ১৭৩ ফুট দীর্ঘ এবং ১৪ ফুট প্রশস্ত এই সেতুর তিনটি খিলান রয়েছে। এর মাঝখানের খিলানটি অপেক্ষাকৃত উঁচু হওয়ায় নিচ দিয়ে অনায়াসেই বড় নৌকা চলাচল করতে পারত। একসময় এটি ‘কোম্পানীগঞ্জের সেতু’ নামেও পরিচিত ছিল।
বর্তমানে সেতুটি সাধারণ পথচারীদের ব্যবহারের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঐতিহাসিক এই নিদর্শনের গুরুত্ব বিবেচনা করে এর পাশেই একটি বিকল্প সেতু নির্মাণ করা হয়েছে। ফলে মূল সেতুটি এখন পরিত্যক্ত। দখলদারদের কবলে পড়ে পঙ্খিরাজ খালটিও তার অস্তিত্ব হারাতে বসেছে। প্রাচীন এই স্থাপত্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইতিহাসপ্রেমীরা।
রিপোর্টারের নাম 






















