ঢাকার ধামরাইয়ে শিশু রামিসা হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া আসামিদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন বৃহস্পতিবার সকাল ১০টায় ধামরাই বাজার যাত্রাবাড়ী থেকে উপজেলা চত্বর পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে। দেওয়ান নাসির উদ্দিন রুবেল মানববন্ধনে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যা মামলার সকল প্রক্রিয়া দ্রুত শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের জোরালো দাবি জানান। বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার দায়ে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। এই চাঞ্চল্যকর রায়ের পর দেশজুড়ে সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে।
ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান নাসির উদ্দিন রুবেল বলেন, আমরা সাধারণ মানুষের পক্ষে দাবি জানাচ্ছি যেন দ্রুত এই রায় কার্যকর করা হয়। প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রায় কার্যকর হতে এত বিলম্ব কেন, তা নিয়ে মানুষের মনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 





















