কক্সবাজারের রামুতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে শেখ আবদুল্রাহ, জাবেদ ইকবাল, এস,এম,ফরিদুল আলম, লিয়াকত আলী খান, গোলাম কবির সওঃ, আবদুর রহিম, ফয়সাল কাদের, আবদুল আলিম, ছৈয়দ আলম, আলহাজ্ব মহিব্বুল্লাহ, মুসলেহ উদ্দীন, ডা. ইব্রাহীম বাবুল, রাশেদ সিকদার, মনজুর আলম, সাইমুম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরেকটি পৃথক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। আগামী ১৩ জুন শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান কক্সবাজার সফরে আসবেন। তার এই সফরে তিনি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত কক্সবাজার সদরের পিএমখালী ও পাতলী খাল পুনঃখনন এবং পেকুয়া ও চকরিয়ায় নবগঠিত উপজেলা ও পৌরসভা উদ্বোধন করবেন বলে জানা গেছে। কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজারবাসী পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রিপোর্টারের নাম 

























