সারাদেশে চলমান তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সরাসরি এবং বাকি তিন দিন অনলাইন বা ভার্চুয়ালি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নতুন পরিকল্পনার কথা জানান। তিনি স্পষ্ট করেছেন যে, এই নিয়ম আপাতত সারাদেশের জন্য নয়, বরং শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে।
শিক্ষামন্ত্রী ক্লাসের সময়সূচি বিস্তারিত ব্যাখ্যা করে জানান যে, শনিবার শিক্ষার্থীরা সশরীরে বিদ্যালয়ে এসে ক্লাস করবে। এরপর রবিবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার পুনরায় অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অর্থাৎ সপ্তাহে তিন দিন অফলাইন এবং তিন দিন অনলাইন—এই রোটেশন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলবে। আগামী সপ্তাহ থেকেই ঢাকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেখানে এই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হবে। তবে মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, এটি সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক নয় এবং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নেওয়া হচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
অনলাইন ক্লাসের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই এই কার্যক্রম পরিচালনা করবেন। শিক্ষামন্ত্রী জানান, অনলাইন ক্লাস শুরুর আগেই প্রতিটি প্রতিষ্ঠানে ওয়াইফাই এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জ্বালানি সাশ্রয় করে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে, যেখানে কোন কোন প্রতিষ্ঠান এই নিয়মের আওতায় পড়বে তা বিস্তারিত উল্লেখ থাকবে।
রিপোর্টারের নাম 

























