প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যেখানে শিক্ষার্থীরা কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকবে না, বরং গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, বিজ্ঞান, গণিত, খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।
মঙ্গলবার ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে এবং এই উদ্যোগের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা সহ্য করা হবে না। আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এবারের প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে এক কোটিরও বেশি ছিল মেয়ে শিক্ষার্থী। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ দেশের শিশু-কিশোরদের প্রতিভা ও সম্ভাবনার এক উজ্জ্বল চিত্র তুলে ধরেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, যে শিক্ষার্থী সংগীতে ভালো, সে যেন স্কুল থেকেই উন্নত প্রশিক্ষণ পায়; যে বিতর্কে দক্ষ, সে যেন বিশ্বমানের বিতার্কিক হওয়ার সুযোগ পায়; এবং যে ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন বা হাডুডু খেলতে চায়, সে যেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার পথ খুঁজে পায় – এই লক্ষ্যেই স্কুলভিত্তিক প্রতিভা বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















