জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও, সাজাপ্রাপ্ত সকল আসামিকে অর্থদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মো. মোতালেব হোসেন এবং মো. রশিদ জামাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া এবং মো. আব্দুল হামেদ। মামলার অপর এক আসামি মো. খোরশেদ আলমকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মো. মোতালেব হোসেন পলাতক ছিলেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, ২০০৭ সালের ২২ মে রাতে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আক্তার হোসেন আবেদীনকে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামিরা ছুরিকাঘাত করে। আবেদীনের মৃত্যুর আগে হাসপাতালে নেওয়ার পথে তিনি হামলাকারীদের নাম বলে যান। এই ঘটনায় নিহতের সন্তান সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং ১৬৪ ধারায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত এই রায় প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























