সময়ের চাহিদা ও পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, প্রশিক্ষিত এবং যুগোপযোগী ইমাম তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রথমবারের মতো ‘ইমাম প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে। আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ১০০ জন ইমাম অংশগ্রহণের সুযোগ পাবেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, সমাজের সাধারণ মানুষের সঙ্গে ইমামদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। আদর্শ সমাজ গঠনে এটি তাদের জন্য একটি বড় সুযোগ। প্রশিক্ষিত ও পরিকল্পিতভাবে ইমামরা কাজ করতে পারলে প্রতিটি সমাজ সম্ভাবনাময় হয়ে উঠবে। তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশে এবং নানা জটিল বিষয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনে বিশুদ্ধ ইলমের পাশাপাশি আধুনিক বিষয়ে জ্ঞান রাখা প্রত্যেক ইমামের জন্য অত্যাবশ্যক।
এই প্রশিক্ষণে লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ইফেক্টিভ কমিউনিকেশন, দাওয়াতের ক্ষেত্রে মডার্ন টুলস ও ফ্যাক্ট-চেকিংয়ের ব্যবহারসহ প্রায় ২০টি গুরুত্বপূর্ণ ও সমকালীন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, সমকালীন বিভিন্ন মতবাদ, ইসলাম ও বিজ্ঞানের কথিত সংঘাত নিরসন, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা এবং শারীরিক স্বাস্থ্য পরিচর্যার মতো বিষয়েও বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রশিক্ষণে অংশ নিতে হলে আবেদনকারীকে বর্তমানে কর্মরত ইমাম বা খতিব হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দাওরায়ে হাদিস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। নির্বাচিত ১০০ জন প্রশিক্ষণার্থীর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন আবাসন ও খাবারের সুব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে এবং যাতায়াত খরচ বহন করা হবে। এছাড়াও, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘমেয়াদি দাওয়াতি ও সেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগও থাকবে।
আগ্রহী ইমামদের গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল। প্রাপ্ত আবেদনসমূহ থেকে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে।
রিপোর্টারের নাম 

























