ব্রাজিলের বিশ্বকাপ দল নিয়ে কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে আসছে। এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে, এবারের দল থেকে বাদ পড়তে পারেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে, এই খবরকে উড়িয়ে দিয়ে নেইমার নিজেও বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন দেখছেন এবং তার ক্লাব সান্তোসও তাকে বিশ্বকাপ খেলতে দেখতে চাইছে। তবে, ইনজুরি থেকে সেরে ওঠার জন্য নেইমারের হাতে সময় খুবই কম।
ইউরোপীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৮ মে কোচ আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করবেন। এরপর দল ঘোষণার শেষ সময় ৩০ মে পর্যন্ত নেইমারের হাতে মাত্র ৪০ দিন সময় থাকবে। ফিফা যদি সময়সীমা না বাড়ায়, তবে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন নেইমারের জন্য সর্বোচ্চ ৫২ দিন অপেক্ষা করতে পারবে। তবে, ২৫ মে থেকে ব্রাজিলের জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা, তাই এই সময়ের মধ্যে নেইমারের সম্পূর্ণ ফিট হয়ে ওঠাটা বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
নেইমারের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলার এই স্বপ্ন পূরণে ক্লাব সান্তোস তাকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নেইমারকে প্রায় সব ম্যাচ খেলিয়ে পুরোপুরি ফিট করে তুলতে চায় ক্লাবটি। তবে, কোচ আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে।
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা দো ব্রাজিল এবং কোপা সুদামেরিকানা মিলিয়ে সান্তোস মোট ১৪টি ম্যাচ খেলবে। ক্লাবটি চায় এই ম্যাচগুলোর অন্তত ১৩টিতে নেইমার অংশগ্রহণ করুক। কারণ, কোচের মতে, ফিটনেস ফিরে পেতে নেইমারকে নিয়মিত মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদিও আগামীকাল বৃহস্পতিবার ভোরে ইকুয়েডরে দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার উদ্বোধনী ম্যাচে বিশ্রাম দেওয়া হবে নেইমারকে।
তবে, নেইমারের ইনজুরি সমস্যা যেন পিছু ছাড়ছে না। সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। কোপা সুদামেরিকানায় কুয়েঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সান্তোস কোচ কুকা জানিয়েছেন, ‘সে অনুশীলনে ছিল না। অস্ত্রোপচারের পর কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এটি পুরোপুরি চিকিৎসাসংক্রান্ত বিষয় ছিল।’
সান্তোসের কোচ কুকা আরও জানিয়েছেন যে, গত সপ্তাহে বেশ কিছু অনুশীলন সেশনে নেইমার উপস্থিত থাকতে পারেননি। শরীরের পেশি ও কোষের পুনর্গঠনের জন্য তাকে কিছু সময় বিশ্রাম নিতে হয়েছে।
রিপোর্টারের নাম 
























