দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলাকালীন এই সময়ে নদী ও সাগরে সব ধরনের জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এবারের বিশেষ বৈশিষ্ট্য হলো, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোও একই সময়ে মাছ ধরা বন্ধ রাখতে একমত হয়েছে।
মৎস্য মন্ত্রী জানান, ইলিশের নিরাপদ বিচরণ ও বংশবৃদ্ধির জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ইলিশ নির্দিষ্ট কোনো সীমানায় সীমাবদ্ধ থাকে না, তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে মাছ ধরা বন্ধ রাখার এই সিদ্ধান্ত ইলিশের উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেবে। সরকার ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের মাইলফলক অর্জন করেছে এবং এই ধারা অব্যাহত রাখতে জাটকা রক্ষা করা অপরিহার্য।
ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে দেশের ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’। জাটকা ও মা ইলিশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থান এবং অভয়াশ্রম ব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশ নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























