বাগেরহাটের মোংলায় পশুর নদের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী মামার ঘাট এলাকা। গত কয়েক দিনে নদের পাড় ধসে বিস্তীর্ণ অংশ বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী, ইপিজেড শ্রমিক এবং নৌপথের মাঝিমাল্লাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, নদীতীরবর্তী বড় একটি অংশ ইতিমধ্যে ধসে গেছে। ভাঙনের মুখে রয়েছে পাড়সংলগ্ন বেশ কিছু দোকানপাট, যার মধ্যে কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বসতবাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রটি হারিয়ে যাওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। মাঝিমাল্লাদের অভিযোগ, ভাঙনের ফলে নৌযান নোঙর করা এবং পণ্য ওঠানামায় চরম বিঘ্ন ঘটছে, যা তাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি বলেন, ভাঙন রোধে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে এবং শহররক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 






















