প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিশেষ করে স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগের ক্ষেত্রে জাপানি প্রতিনিধিদলকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান মেট্রোরেল (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন গুরুত্ব পায়। বৈঠকে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী, উপদেষ্টা এবং জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। উভয় পক্ষই দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
রিপোর্টারের নাম 






















