রাজশাহীর পদ্মা নদীতে খড়বোঝাই একটি নৌকা ডুবে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মধ্যচর থেকে বড়কুটি যাওয়ার পথে প্রবল স্রোতের কবলে পড়ে নৌকাটি তলিয়ে যায়। নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার শ্যামপুর শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরে খড় কাটতে গিয়েছিলেন আটজন শ্রমিক ও কৃষক। কাজ শেষে ফেরার পথে মাঝ নদীতে নৌকাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা আটজনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কাউসার ও তার ছেলে নিখোঁজ হন। জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) কোনোমতে সাঁতরে প্রাণে বেঁচে ফিরলেও তার স্বামী ও সন্তান নিখোঁজ থাকায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক জানান, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টারের নাম 

























