গাজীপুরের টঙ্গীতে পাগাড় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন সানি (৪৫) টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনি ওই এলাকার মো. ওমর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিল্লাল হোসেন সানিকে শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার মধ্যরাতে মিরাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, দুপুরে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা বিল্লাল হোসেন সানিকে থানা থেকে আদালতে পাঠানোর সময় ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতে সানির অনুসারীরা সাংবাদিকদের ওপর হামলা চালান। পরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন দুঃখ প্রকাশ করেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আসামির ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা পরে উপস্থিত নেতারা দুঃখ প্রকাশ করে মিটিয়ে নিয়েছেন।
রিপোর্টারের নাম 






















