দেশের বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, নতুন টার্মিনাল নির্মাণ এবং লজিস্টিকস খাতের উন্নয়নে কাতার সরকারের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানির সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বন্দর উন্নয়ন, সামুদ্রিক বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রেক্ষাপটে কাতারের বিনিয়োগ উভয় দেশের জন্য নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করতে পারে।
কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের নৌপরিবহন খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আগামী দিনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 






















