সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৯০৪ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হলেও বাকি ৭৩৩ জন মারা গেছেন হাম সদৃশ উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪১ হাজার ২০৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে সন্দেহজনক উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বাসিন্দা রয়েছে। সংক্রমণের দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে একদিনেই ২৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত ১ লাখ ৮ হাজারেরও বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ নজরদারি বৃদ্ধি করেছে এবং আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















