হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ও যাত্রীচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নতুন করে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বর্তমানে এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৩১৬টি ফ্লাইট ওঠানামা করছে, যা এর স্বাভাবিক হ্যান্ডলিং ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছেছে।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ইতোমধ্যে বিশ্বের ৩৮টি এয়ারলাইন্সকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত শিডিউল ও ফ্রিকোয়েন্সির বাইরে কোনো অতিরিক্ত ফ্লাইটের আবেদন আপাতত গ্রহণ করা হবে না।
ঢাকার ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার পরামর্শ দিয়েছে বেবিচক। যাত্রীসেবা নিশ্চিত করতে এবং বিমানবন্দরের শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 




















