জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করলে কোনো সরকারই টিকে থাকতে পারবে না। শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আমরা সংস্কার পরিষদের কথা বলেছিলাম, যা নতুন কোনো বিষয় নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে আমরা রাজনৈতিক দলগুলো সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে একমত হয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, নির্বাচনের পর সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য জনগণের রায়কে অবজ্ঞা করছে। তারা সংবিধানের দোহাই দেয়, যা দেশ পরিচালনার জন্য অপরিহার্য। তবে এটি বাহাত্তরের মুজিববাদী সংবিধান নয়, বরং হওয়া উচিত জনগণের সংবিধান।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সংস্কার বা গণভোট চান না, কারণ আপনারা বাংলাদেশকে একজন ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চান। গণভোট মেনে নিলে আপনাদের একক কর্তৃত্ব খর্ব হবে। তাই আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তনও চান না। কিন্তু জনগণের মতামত অমান্য করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।
রিপোর্টারের নাম 
























