ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে পারমাণবিক ঝুঁকি বেড়ে যাওয়ায় সেখান থেকে আরও কর্মী সরিয়ে নিচ্ছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় তারা অতিরিক্ত কর্মী প্রত্যাহার করে নিয়েছে।
রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার বুশেহের কেন্দ্র থেকে আরও ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রোসাটম ধাপে ধাপে কর্মী প্রত্যাহার করে আসছে।
এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে, সম্প্রতি একটি হামলার সময় কেন্দ্রটির নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় স্থাপনাটির একটি ভবন শকওয়েভ ও ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আইএইএ উল্লেখ করেছে।
রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ মন্তব্য করেছেন, বুশেহের কেন্দ্রের আশপাশের পরিস্থিতি ‘সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতির’ দিকেই এগোচ্ছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, বুশেহের পারমাণবিক স্থাপনার কাছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুধু ইরানের জন্যই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
রিপোর্টারের নাম 






















