জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কর্মকর্তা আহসান হাবিব। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দেশের বড় বড় শিল্প গ্রুপের কর ফাঁকি শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে বিগত সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ব্যাংক হিসাব তলব ও কর ফাঁকি উদ্ঘাটনে তার সাহসিকতা ও মেধার স্বাক্ষর পাওয়া গেছে।
শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। বিসিএস কর ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে দেশের কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 






















