বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে। দেশটির ফুটবল ইতিহাসে এটি অন্যতম বড় এক মুহূর্ত। তবে এই ঐতিহাসিক ম্যাচের ঠিক আগেই বড় ধরনের অস্বস্তিতে পড়েছে দলটি। কেপ ভার্দে শিবিরের ৩৬ বছর বয়সি অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠায় ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্যমতে, গত মার্চ মাসে নিউজিল্যান্ডে একটি টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা ঘটে। দলের দোভাষী হিসেবে কাজ করা এক নারী অভিযোগ করেছেন যে, একটি পার্টির পর মেন্দেস তার কক্ষে ঢুকে তাকে লাঞ্ছিত করেন। অভিযোগকারী নারী গত ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে মামলা দায়ের করলে স্থানীয় পুলিশ তদন্তে নামে। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন বিষয়টি ফিফাকে অবহিত করেছে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নিউজিল্যান্ডের কঠোর আইন অনুযায়ী, এই অপরাধ প্রমাণিত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। একদিকে মাঠের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবেলা করার চ্যালেঞ্জ, অন্যদিকে অধিনায়ককে ঘিরে এমন ন্যাক্কারজনক স্ক্যান্ডাল—সব মিলিয়ে কেপ ভার্দে ফুটবল দল এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 




















