ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শেখ পরিবারের সদস্যদের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সিনেট অধিবেশন বর্জন করেছেন ডাকসু প্রতিনিধিরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর প্রস্তাব দিলে ছাত্র প্রতিনিধিরা ক্ষুব্ধ হয়ে কক্ষ ত্যাগ করেন। উপাচার্য তাদের নিরস্ত করার চেষ্টা করলেও তারা নিজেদের অবস্থানে অনড় থাকেন।
ওয়াকআউট করা প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ শীর্ষ পাঁচ নেতা। তাদের দাবি, শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা হল এবং শেখ রাসেল টাওয়ারসহ পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি গত ৮ জানুয়ারি সিন্ডিকেটে অনুমোদিত হলেও সিনেটে তা ঝুলিয়ে রাখা হচ্ছে। ছাত্র নেতারা জানান, এই নামগুলোর কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন এবং হলের প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।
অধিবেশন চলাকালে কয়েকজন সিনেট সদস্য আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে বিষয়টি বিলম্বিত করার প্রস্তাব দিলে উত্তেজনার সৃষ্টি হয়। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর দেশের শত শত প্রতিষ্ঠান থেকে বিতর্কিত নাম সরিয়ে ফেলা হয়েছে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিবর্তন সময়ের দাবি। নাম পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত ছাত্র প্রতিনিধিরা তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রিপোর্টারের নাম 
























