সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সীমিত পরিসরে কথা বলতে পারছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে দুটি জরুরি অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এদিকে, বিএনপির আরেক সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুর গেছেন। তিনি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। দলের শীর্ষস্থানীয় এই দুই নেতার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করেছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 

























