ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলাটির প্রায় ২০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে রয়েছেন ঐতিহাসিক নবাব পরিবারের শতাধিক সদস্য। এমনকি মীর জাফরের প্রায় ৩৪৬ জন বংশধরের নামও এবারের চূড়ান্ত তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকার বাসিন্দা ও ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত ৮২ বছর বয়সী সৈয়দ মুহাম্মদ রেজা আলী মির্জা ও তার ছেলে সৈয়দ মুহাম্মদ ফাহিম মির্জার নামও তালিকা থেকে বাদ পড়েছে। রেজা আলী মির্জা আক্ষেপ করে জানান, অসুস্থ শরীর নিয়ে শুনানিতে অংশ নিয়ে নথিপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, যাদের পূর্বপুরুষেরা এই অঞ্চল শাসন করেছেন, তাদের কেন আজ নাগরিকত্ব প্রমাণের জন্য আইনি লড়াই করতে হচ্ছে।
গবেষক ও স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার তালিকায় এই ধরনের অসংগতি তৈরি করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন বিষয়টিকে যান্ত্রিক বা নথিপত্র সংক্রান্ত ত্রুটি হিসেবে দেখছে। আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে ভোটগ্রহণের কথা থাকলেও, ভোটার তালিকা থেকে বাদ পড়া বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবেন কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 






















